শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন,প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫ নারী পেলেন সনদ ও আর্থিক সহায়তা


admin প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৭:৫৪ PM / ০
শিবচরে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের উদ্বোধন,প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫ নারী পেলেন সনদ ও আর্থিক সহায়তা

আবুল হাসানাত আকাশ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন চারতলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করা ৩৫ জন বেকার নারীর হাতে সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দিয়েছে মাদারীপুর জেলা পরিষদ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার ডাকবাংলো মাঠে জেলা পরিষদের আয়োজনে উদ্বোধন, সনদ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. সহিদুল হাসান। মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন পলাশ এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মো. সহিদুল হাসান শিবচরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং পল্লী উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের বহুমুখী উন্নয়ন উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোতে দ্রুত পরিবর্তন আসছে।

এ সময় শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে তরুণ প্রজন্মের জন্য একটি আধুনিক সুইমিং পুল ও খেলার মাঠ নির্মাণের আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ও টেকসই জ্বালানি ব্যবহারে সোলার প্যানেল স্থাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেত্রী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান ও সদস্যসচিব আজমল হুদা সেলিমসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

আলোচনা সভা ও সনদ বিতরণ পর্ব শেষে প্রধান অতিথি ডাকবাংলো প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন।

আধুনিক ডাকবাংলো ভবনের উদ্বোধনের পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা প্রদানের এ উদ্যোগ স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

2