

আবুল হাসানাত আকাশ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
পদ্মা সেতু চালুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে এসেছে নতুন গতি। কমেছে যাতায়াতের সময়, বেড়েছে যানবাহনের চলাচল। প্রতিদিন হাজারো মানুষ এই পথে যাতায়াত করছেন। কিন্তু দ্রুতগতির এই মহাসড়কেই থামছে না মৃত্যুর মিছিল। একের পর এক দুর্ঘটনায় ঝরছে প্রাণ, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। স্বজন হারিয়ে অসহায় হয়ে পড়ছে পরিবার।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার বছর তিন মাসে জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে ২১৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬৯ জন এবং আহত হয়েছেন ১১২ জন। দুর্ঘটনাগুলোতে মামলা হয়েছে ৮৪টি। নিহতদের মধ্যে ১২৮ জন পুরুষ, ৩৩ জন নারী ও ৮ জন শিশু।
স্থানীয় বাসিন্দা, চালক ও নিয়মিত যাতায়াতকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অসতর্কভাবে সড়ক পারাপার দুর্ঘটনার অন্যতম কারণ। পাশাপাশি গতি নিয়ন্ত্রণ ও পুলিশি নজরদারির ঘাটতি নিয়েও রয়েছে অভিযোগ।
২০২৩ সালের ১৯ মার্চ শিবচরের কুতুবপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে বহু মানুষের প্রাণহানির ঘটনা এখনো স্থানীয়দের মনে আতঙ্ক তৈরি করে। স্থানীয় বাসিন্দা সাকিব হাসান বলেন, এই সড়কে যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। আগে হাইওয়ে পুলিশ নিয়মিত স্পিড গান ব্যবহার করে অতিরিক্ত গতির যানবাহনের বিরুদ্ধে মামলা করতেন। এখন আগের মতো স্পিড গান নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় না। নিয়মিত গতি নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।
এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতু পার হওয়ার পর যানবাহনের মধ্যে ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের প্রবণতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। নিয়মিত মোটরসাইকেল চালক মেহেদী হাসান বলেন, পাঁচ্চর এলাকায় আগে গিয়ে যাত্রী তোলার প্রতিযোগিতায় পরিবহনগুলো ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করে। এতে মোটরসাইকেল চালকদের সড়কের সাদা দাগের বাইরে চলে যেতে হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে পরিবহনচালক এমদাদুল ইসলাম বলেন, তিনি সড়ক আইন মেনে নির্ধারিত গতিতে গাড়ি চালান। তাঁর মতে, মোটরসাইকেলের বেপরোয়া চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং পথচারীদের হঠাৎ সড়ক পারাপারের কারণেও দুর্ঘটনা ঘটে।
এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় যাত্রী ওঠানামার জন্য যানবাহন থামানোর প্রবণতা রয়েছে। অথচ যাত্রীদের নিরাপদে ওঠানামার জন্য সেখানে নির্মাণ করা হয়েছে যাত্রীছাউনি। সরেজমিনে দেখা যায়, যাত্রীছাউনির ভেতরে একটি মালবাহী ট্রাক পার্কিং করে রাখা হয়েছে। যাত্রীদের বসার জায়গায় পড়ে রয়েছে পুরোনো পোশাক, মাটির চুলা ও লাকড়ি। ফলে স্থাপনাটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
বাসচালক কাদির মোল্লা বলেন, যাত্রীরা যাত্রীছাউনিতে না দাঁড়িয়ে সড়কের পাশে অপেক্ষা করেন। তাই তাঁদের ওঠানোর জন্য গাড়ি থামাতে হয়। যাত্রীছাউনি কিছুটা পেছনে হওয়ায় যাত্রীরা সেখানে যেতে চান না।
ঢাকাগামী যাত্রী নাঈম খান বলেন, পরিবহনগুলো নির্ধারিত যাত্রীছাউনিতে থামলে এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি থামানোর প্রয়োজন হতো না। বর্তমানে অনেক যাত্রী রেলিং টপকে মহাসড়কে গিয়ে গাড়িতে ওঠেন, যা অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ। দ্রুত যাত্রীছাউনিটি চালুর উপযোগী করে সেখানে যানবাহন থামানোর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।
স্পিড গান ব্যবহারের বিষয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও হাইওয়ে পুলিশ বলছে, এ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি; সীমিত পরিসরে চলছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াতে এআইভিত্তিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মমতাজুল এহসান আহমেদ হুমায়ুন মুঠোফোনে মানবকণ্ঠকে বলেন, এক্সপ্রেসওয়েতে এআই প্রকল্প রয়েছে। এটি চালু হলে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হবে। স্পিড গান ব্যবহারের কার্যক্রম সীমিত পর্যায়ে চলছে। মানুষের হয়রানি যেন না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাপার করেন। বিশেষ করে পাঁচ্চর এলাকায় এ প্রবণতা রয়েছে। সেখানে ফুটওভারব্রিজ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। ফায়ার সার্ভিসের শিবচর স্টেশন মাস্টার তপন কুমার ঘোষ বলেন, মহাসড়কের দুর্ঘটনা মোকাবিলায় ভাঙ্গা ইউনিট কাজ করে। শিবচর থেকেও সীমিত পরিসরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। ভাঙ্গা ইউনিটে জনবল ও আধুনিক সরঞ্জাম বেশি রয়েছে। দুর্ঘটনায় গাড়িতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে হাইড্রোলিক কাটার, স্প্রেডার, রাম ও মেকানিক্যাল জ্যাকসহ বিশেষায়িত সরঞ্জাম এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
তবে স্থানীয়দের মতে, উদ্ধারের পাশাপাশি দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। চৌরাস্তা এলাকার বাসিন্দা ইমন আহমেদ বলেন, দুর্ঘটনার পর প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। ভাঙ্গা হাইওয়েতে দুর্ঘটনা ঘটলে আহতদের শিবচর অথবা ঢাকায় নিতে হয়। এতে অনেক সময় লেগে যায়। আড়িয়াল খাঁ সেতুর পাশে নির্মিত ট্রমা সেন্টারটি চালু করা গেলে অনেক আহত ব্যক্তির প্রাণ বাঁচানো সম্ভব। তাই দ্রুত এটি চালুর দাবি জানান তিনি।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার বলেন, আড়িয়াল খাঁর পাশে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিরা দ্রুত চিকিৎসা নিতে পারবেন। পাশাপাশি বরিশাল-ভাঙ্গা সড়কেও আরেকটি ট্রমা সেন্টার স্থাপন করা হলে ভালো হয়।
পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে দেশের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এই অগ্রগতি টেকসই করতে হলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নিয়মিত স্পিড গান ব্যবহার, পুলিশি নজরদারি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ, যাত্রীছাউনি সচল রাখা, নিরাপদ পারাপার এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত ২১৮টি দুর্ঘটনায় ১৬৯ জনের প্রাণহানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বড় সতর্কবার্তা। এআই প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় না থেকে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আর কত প্রাণ ঝরলে এই মহাসড়কে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হবে, সেই প্রশ্নই এখন শিবচরসহ এ পথে চলাচলকারী মানুষের।
প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই মহাসড়কে আর কত প্রাণহানি ঘটলে কার্যকর ও স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হবে—এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শিবচরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মনে।
আপনার মতামত লিখুন :