মনোনয়ন বদলে উত্তাল শিবচর, মশাল মিছিলে নুরুদ্দিন মোল্লার সমর্থকরা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৫:৩৮ PM / ২১১
মনোনয়ন বদলে উত্তাল শিবচর, মশাল মিছিলে নুরুদ্দিন মোল্লার সমর্থকরা

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। প্রায় এক মাসের দোলাচলের পর দল যখন নতুন প্রার্থীর নাম ঘোষণা করে, তখনই ক্ষোভে উত্তাল হয়ে ওঠে আগে ঘোষিত প্রার্থী কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার সমর্থকদের একটি বড় অংশ।

গত ৩ নভেম্বর ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয় কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার। কিন্তু ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত হয়ে যায় তাঁর মনোনয়ন। কেন এই স্থগিতাদেশ—তা নিয়ে তখন থেকেই চলতে থাকে জল্পনা-কল্পনা ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে গুঞ্জন। এরই মধ্যে পুরো এক মাস টান টান উত্তেজনার পর বিএনপি সম্প্রতি নতুন সিদ্ধান্তে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠুর সহধর্মিণী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী (নাদিরা আক্তার) কে।

মনোনয়ন পরিবর্তনের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তারা শিবচরের হাতিরবাগান মাঠ থেকে ৭১ সড়ক পর্যন্ত বিশাল মশাল মিছিল ও প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল জুড়ে ‘নুরুদ্দিন ভাইয়ের মনোনয়ন চাই’—এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় লোকজনের ভাষ্য—দীর্ঘদিন পরে শিবচরে এমন উত্তাল রাজনৈতিক পরিবেশ দেখা গেল।

প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বিস্তারিতভাবে বলেন,
যে সময় আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তখন শিবচরের মানুষ উৎসাহ-উদ্দীপনায় ভরপুর ছিল। কিন্তু কিছু কুচক্রি ও স্বার্থান্বেষী মহল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে আমার মনোনয়ন আটকে দেয়। তারা এমনভাবে পরিস্থিতি তুলে ধরেছে যেন আমার জনসমর্থন নেই—যা সম্পূর্ণ ভিত্তিহীন। সত্য হলো, মাঠে-ময়দানে জনতার ভালোবাসা আমি অনুভব করেছি।

তিনি আরও বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার শিবচরে তেমন কোনো জনপ্রিয়তা নেই—এ কথা মানুষই আজ বলছে। আমি বিশ্বাস করি, তারেক রহমান বিষয়টি নতুনভাবে বিবেচনা করবেন এবং দলের প্রকৃত কর্মীদের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমার মনোনয়ন পুনর্বহাল করবেন। শিবচরের মানুষের দাবি আমি তুলে ধরেছি, এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই মনোনয়ন পরিবর্তন শিবচরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। বিএনপির তৃণমূলের একটি অংশ যেখানে নুরুদ্দিন মোল্লার মনোনয়ন ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার, অন্যদিকে নতুন প্রার্থী নাদিরা মিঠু চৌধুরীর সমর্থকরাও মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে পুরো এলাকা এখন তীব্র রাজনৈতিক উত্তাপের মধ্যে রয়েছে।

কর্মী-সমর্থকদের প্রতিক্রিয়া, কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং তৃণমূলের চাপ—সব মিলিয়ে এই আসনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন সেটাই দেখার বিষয়।