
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলাকে মাদকমুক্ত করতে এবার আরও কঠোর অবস্থানের ঘোষণা দিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। কেউ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে তাকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন এমপি হানজালা।
ভিডিওবার্তায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের সহযোগিতা থাকুক বা না থাকুক, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন,দেশকে বাঁচাতে হলে যুবসমাজকে বাঁচাতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা অতীতেও জীবন ঝুঁকিতে নিয়ে কাজ করেছি, এখনো করছি।
এমপি হানজালা জানান, এখন থেকে শিবচরের কোনো ব্যক্তি যদি মাদক ব্যবসায়ীকে মাদকসহ ধরিয়ে দিতে পারেন, তাহলে তিনি নিজ হাতে তাকে নগদ অর্থ পুরস্কার দেবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগে সাধারণ মানুষ আরও বেশি সচেতন ও সক্রিয় হবে।
তিনি আরও বলেন,মাদক নির্মূলে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী মহলের চাপ গ্রহণ করা হবে না। আমার দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। যে-ই অপরাধে জড়াবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিবচরকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,নির্বাচনের আগে যেমন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি, এখনো সেই অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তার এ ঘোষণার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :