
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। দলীয় প্রচারণা জোরদার করতে শিবচর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মাদচর ইউনিয়নের চৌধুরী বাড়িতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তার।
সভাপতির বক্তব্যে মো. শাহাদাত হোসেন খান বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সফল হতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে এবং কোনো ধরনের বিভাজন সৃষ্টি করা যাবে না।
উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তিনি আমাদের অনুপ্রেরণার মূল উৎস। বর্তমানে দলের সকল আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু তারেক রহমান। তার নেতৃত্বেই বিএনপি আবার ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে দলের প্রতীক ধানের শীষের প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। এখনই সময় ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনার।
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার বলেন,আমি দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি বলেন, এই আসনের সঙ্গে তার রাজনৈতিক পরিবারের আত্মিক সম্পর্ক রয়েছে। প্রয়াত স্বামী নাজমুল হুদা চৌধুরী (মিঠু) শিবচর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আজ পরিবার পাশে না থাকলেও আপনারাই আমার শক্তি,— বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আমি শিবচরের মানুষের কণ্ঠস্বর হতে চাই।
অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদারীপুর জেলা ওলামা দলের সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, কেন্দ্রীয় কৃষকদলের যোগাযোগ সম্পাদক আইনজীবী নাসির উদ্দিন বেপারী, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা ও শহিদুল ইসলাম দিপু, মোতাহার হোসেন হাওলাদার, বাকাউল করিম খান, ড. শাহাদাত হোসেন, আব্দুল হান্নান মিয়া, মো. হেমায়েত হোসেন খান, মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার ও সদস্য সচিব শিল্পী আক্তার নীলা, সাজ্জাদ আহমেদ চৌধুরী তাপু, সাইদুজ্জামান জামাল বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :