
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও আসন্ন জাতীয় নির্বাচনে দলের করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে কুতুবপুর বাজারের মাঠে আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উৎসবমুখর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শিবচর উপজেলা বিএনপির নবনির্বাচিত ১ নং সদস্য কামাল জামান মোল্লা।
সভায় সভাপতিত্ব করেন রশিদ শিকদার, সাবেক সভাপতি কুতুবপুর ইউনিয়ন বিএনপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদাত হোসেন খান, আহ্বায়ক, শিবচর উপজেলা বিএনপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজান সাজু মোল্লা, যুগ্ম আহ্বায়ক, শিবচর উপজেলা বিএনপি; মোঃ আজমল হোসেন খান সেলিম, সদস্য সচিব, শিবচর পৌরসভা বিএনপি; মোঃ মাহবুবুর রহমান মাদবর, সদস্য, আহ্বায়ক কমিটি শিবচর উপজেলা বিএনপি; এবং শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সদস্য, আহ্বায়ক কমিটি শিবচর উপজেলা বিএনপি।
প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন,
বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তির সনদ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন,আজ দেশে ভয় ও দমননীতির রাজনীতি চলছে। জনগণ পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে। সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী করতে হবে।
সভাপতি রশিদ শিকদার বলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি সব সময়ই আন্দোলন ও সংগঠনের অগ্রভাগে ছিল। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো বাধাই আমাদের পথ রোধ করতে পারবে না। তৃণমূল থেকে সংগঠনকে পুনর্গঠন করতে হবে, যাতে জনগণ আবার বিএনপির ওপর আস্থা রাখতে পারে।তিনি নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান।
প্রধান বক্তা মোঃ শাহাদাত খান বলেন,
৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি দেশের নতুন ভবিষ্যতের রূপরেখা। বর্তমান সরকারের ব্যর্থতা ও দমননীতির বিরুদ্ধে গণমানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকতে হবে। নির্বাচন ও আন্দোলন—দুই ক্ষেত্রেই প্রস্তুত থাকতে হবে।
সভায় কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন। সভাস্থল ছিল স্লোগান, ব্যানার ও দলীয় উচ্ছ্বাসে মুখরিত।
নেতাকর্মীরা বিএনপির ৩১ দফা কর্মসূচি সফল করতে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :