
আবুল হাসানাত(আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো জমজমাট ঈদ ফেস্টিভাল ক্রিকেট টুর্নামেন্ট। উপজেলার খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ডে-নাইট টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
গত (২২ মার্চ) রবিবার ঈদের পরদিন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টানা দুই দিনের এই আয়োজন সোমবার রাতের ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। টুর্নামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহণ করে—ময়নাকাটা ওয়ারিয়র্স, সুরমা সিক্সার্স, পদ্মা ক্যাপিটালস এবং রুপসা এক্সপ্রেস। প্রতিটি দলে ১০ জন করে খেলোয়াড় ছিল এবং লীগ পদ্ধতিতে প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পায়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে ময়নাকাটা ওয়ারিয়র্স ২ টি ও পদ্মা ক্যাপিটালস ৩ টি ম্যাচ জিতে ফাইনালে ওঠে। সোমবার রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নামে পদ্মা ক্যাপিটালস। তারা নির্ধারিত ১৫ ওভারে ৯০ রান সংগ্রহ করে।
৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ময়নাকাটা ওয়ারিয়র্স দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে নির্ধারিত ওভারের মধ্যেই ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন পঙ্কজ খান, বুলবুল শিকদার, শরীফ, আকাশ জমাদ্দার, মোনায়েত, আফজাল, দিপ্ত, আরাফাত শিকদার, আকাশ হোসেন ও সিয়াম খান। তাদের সম্মিলিত পারফরম্যান্সেই দলটি শিরোপা জিতে নেয়।
টুর্নামেন্ট চলাকালে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। এলাকার ছোট-বড় সকল বয়সী মানুষ খেলা উপভোগ করতে ভিড় জমায়। খেলা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়, যা আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
স্থানীয়দের মতে, এমন আয়োজন কেবল বিনোদনের উৎসই নয়, বরং তরুণদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :