
নতুন বছর মানেই নতুন আশা, নতুন লক্ষ্য আর নতুন করে নিজেকে গড়ে তোলার প্রত্যয়। শিক্ষা হলো সেই আলোর প্রদীপ, যা একটি জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়েই শুরু হয় সেই আলোকযাত্রার প্রথম ধাপ। সেই আনন্দঘন ও অর্থবহ পরিবেশেই মাদারীপুরের শিবচর উপজেলায় অনুষ্ঠিত হলো মারকাজুন নূর ক্যাডেট মাদরাসার বই উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাদারীপুরের শিবচর উপজেলার মারকাজুন নূর ক্যাডেট ইসলামিক কিন্ডারগার্টেন ও মাদরাসায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ এবং নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মারকাজুন নূর ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে নবীন ও প্রবীণ সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হয়। এরপর বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো মাদরাসা প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজে মুখরিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মারকাজুন নূর ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারী মাওলানা মাহবুবুর রহমান বলেন,
আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই শুধু পরীক্ষায় ভালো করলেই হবে না, তাদেরকে নৈতিকতা, শালীনতা, আদব-আখলাক ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে দূরে রাখতে হবে।
তিনি আরও বলেন,
অভিভাবকদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা সন্তানদের শুধু ফলাফলের জন্য নয়, তাদের চরিত্র গঠনের দিকেও নজর দিন। একজন ভালো মানুষই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। মারকাজুন নূর ক্যাডেট মাদরাসা সেই লক্ষ্যেই দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা নিয়মিত নামাজ আদায় করবে, কুরআনের সাথে সম্পর্ক রাখবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ইনশাআল্লাহ তোমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক হাফেজ কারী বেলাল মাদানি, মুরব্বী ইসমাতুল্লাহ, মুরব্বী হাফেজ সাজ্জাদ কারী, ভাইস প্রিন্সিপাল হাফেজ কারী খালিদ সাইফুল্লাহ, অত্র মাদরাসার শিক্ষা সচিব হাফেজ কারী নাজমুল হোসাইন, কিন্ডারগার্টেন প্রধান ইয়াহিয়া মাহমুদ, সহকারী প্রধান আব্বাস হোসেন, ইংরেজি শিক্ষক হাসানাত আকাশ, শরিফুল ইসলামসহ অন্যান্য ওস্তাদবৃন্দ এবং অভিভাবকরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :