
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার ৫৩তম বার্ষিকী স্মরণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজানের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের সম্মানে গার্ড অব অনার প্রদান, এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়।
দিবসের কেন্দ্রীয় আয়োজন হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের শৃঙ্খলাবদ্ধ ও সুসমন্বিত পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কুচকাওয়াজ শেষে ডিসপ্লে, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে তাঁদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, শিবচর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসের শেষ পর্যায়ে সন্ধ্যায় মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শনী। এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রধান সড়ক, সরকারি ও বেসরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জায় সাজানো হয়। এতে পুরো শিবচরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
আপনার মতামত লিখুন :