
মাদারীপুরের শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের মাধ্যমে শুরু হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি। সরকারের এই কৃষিবান্ধব উদ্যোগে সাধারণ কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও নতুন আশার সঞ্চার।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে “কৃষিই সমৃদ্ধি” স্লোগানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার বিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার ১৯টি ইউনিয়নের ৩ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি শরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এই সহায়তা শরৎকালীন মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চরাঞ্চল থেকে বীজ ও সার নিতে আসা কৃষক রহিম মাতুব্বর বলেন, এখন সার আর বীজের দাম অনেক বেশি। সরকার বিনামূল্যে দিচ্ছে, এটা আমাদের জন্য বড় স্বস্তি। আশা করছি, এবার ভালো ফলন হবে।
আরেক কৃষক ছালাম বেপারী বলেন, আমরা ছোট কৃষক। এই সহায়তা আমাদের চাষাবাদের আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র বলেন, সরকারের লক্ষ্য হলো কৃষকদের স্বনির্ভর করা ও টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করা। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
সভাপতির বক্তব্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে। আমরা চাই, শিবচরের কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করে আরও বেশি ফসল ফলান এবং আর্থিকভাবে স্বাবলম্বী হন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি।বর্তমান সরকারের নেতৃত্বে কৃষকদের কল্যাণে প্রশাসন সবসময় মাঠপর্যায়ে কাজ করছে, যাতে কেউ পিছিয়ে না থাকে।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হলে উপস্থিত কৃষকরা করতালির মাধ্যমে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এই উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধি, আত্মনির্ভরতা ও টেকসই কৃষি ব্যবস্থাপনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :