

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে সদস্যদের সঞ্চয়ের অর্থ আত্মসাৎ, ঋণ পরিশোধের পরও অতিরিক্ত টাকা দাবি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন একদল ভুক্তভোগী।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে শিবচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা। ভুক্তভোগীদের দাবি, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
অনশনে অংশ নেওয়া ভুক্তভোগীদের অভিযোগ, তারা বিভিন্ন সময়ে গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে ঋণ নেন এবং নিয়মিত কিস্তির মাধ্যমে সেই ঋণ পরিশোধ করেন। ঋণের কিস্তি পরিশোধের পর সমিতির পক্ষ থেকে তাদের বিভিন্ন ডকুমেন্ট ও চেকবই নিয়ে নেওয়া হয়। পরে ওই চেক ও কাগজপত্র ব্যবহার করে তাদের বিরুদ্ধে বড় অঙ্কের টাকা পাওনার দাবি তুলে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, তিনি সমিতি থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। নিয়মিত কিস্তির মাধ্যমে ঋণের টাকা পরিশোধ করার পরও তার কাছে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। পরে তার বিরুদ্ধে প্রায় ৩ লাখ টাকা এবং আরও কয়েক লাখ টাকা পাওনার দাবি তুলে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব মামলায় তার স্বামী ও ভাইকে কারাগারে যেতে হয়েছে বলেও জানান তিনি। তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে তার মা কারাগারে রয়েছেন বলেও দাবি করেন ওই ভুক্তভোগী।
আরেক ভুক্তভোগী বলেন, তিনি ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিস্তির মাধ্যমে ঋণের টাকা পরিশোধ করার পরও তার কাছে প্রায় ৪ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করা হচ্ছে।
অন্য এক ভুক্তভোগীর অভিযোগ, তার একটি পিকআপ গাড়ি ছিল। সমিতির ঋণের কিস্তি পরিশোধ করতে করতে একপর্যায়ে তিনি গাড়িটি বিক্রি করে দেন। এরপরও তার ঋণের কিস্তি শেষ হয়নি বলে সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
এছাড়া কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, তাদের বেতন দেওয়ার কথা বলে কাজ করানো হলেও পরে বেতন পরিশোধ করা হয়নি। বরং উল্টো তাদের কাছেই টাকা পাওনা রয়েছে—এমন দাবি তুলে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা বলেন, সমিতির সঙ্গে বিরোধ ও মামলা-মোকদ্দমার কারণে তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারা হয়রানি থেকে মুক্তি, দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং তাদের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে ভুক্তভোগীদের এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আবুল হাসেম মিয়া। তিনি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগকারীরা আমাদের সদস্য নন।
এদিকে, ভুক্তভোগীদের অভিযোগ ও সমিতি কর্তৃপক্ষের বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অনশনে অংশ নেওয়া ব্যক্তিরা। তাদের দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
আপনার মতামত লিখুন :