
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। ঘটনার মাত্র কয়েক দিনের মাথায় সোমবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকার ডেমরা এলাকার দিপন মল্লিক (৫৩), শিবচরের বন্দরখোলা ইউনিয়নের হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার টগর প্রধান (৩৪)।
এএসপি সালাহ উদ্দিন জানান, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানের ওপর হামলা চালায় একদল ছিনতাইকারী। ধারালো অস্ত্রের আঘাতে দু’জনকে গুরুতর জখম করে তারা প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি তদন্তে পুলিশ বিশেষ টাস্কফোর্স গঠন করে এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হামলায় ব্যবহৃত প্রাইভেটকারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এএসপি বলেন, অপরাধ দমনে শিবচর এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং নিরাপত্তা নিশ্চিতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে
আপনার মতামত লিখুন :