
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের জলাবদ্ধ এলাকায় পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন শতাধিক পরিবার। এসব অসহায় পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা বিতরণ করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
সোমবার (১৩ জুলাই) দুপুরে তিনি জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করেন এবং পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি খাদ্যসামগ্রী তুলে দেন।
প্রতিটি পরিবারের জন্য এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি সেমাই, দুধ, বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা এবং পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হাওলাদার।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, সাম্প্রতিক জলাবদ্ধতার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো অসহায় পরিবার যেন খাদ্য সংকটে না পড়ে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করা হচ্ছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও খাদ্য সহায়তা ও অন্যান্য সরকারি সহযোগিতা প্রদান করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এলাকাবাসী দুর্ভোগে পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়া হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :