শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর


admin প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১১:৫৬ PM / ০
শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কুতুবপুর ও দত্তপাড়া ইউনিয়নে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশুর পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো কুতুবপুর ইউনিয়নের সাইমা (২) এবং দত্তপাড়া ইউনিয়নের সামিউল (৫)।

স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের নিজ বাড়িতে খেলছিল শিশু সাইমা। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতরে রাখা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জামিল খান জানান, দুই বছর বয়সী শিশুটিকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। টয়লেটে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, একই দিন বিকেল আনুমানিক ৩টার দিকে দত্তপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাচামারা মৈজউদ্দিন মাদবরের কান্দি এলাকায় ঘটে আরেকটি দুর্ঘটনা। বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মারা যায় পাঁচ বছর বয়সী সামিউল।প্রতিবেশী নজরুল ইসলাম জানান, বাঁশের তৈরি সাঁকো থেকে পড়ে ডোবায় ডুবে যায় শিশুটি।

নিহত সামিউল ওই এলাকার মৃত খোকন মালের ছেলে। সে স্থানীয় মহিদুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে, শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ডা. জামিল খান। তিনি বলেন, বাড়িতে ছোট শিশু থাকলে টয়লেটের বালতি বা গামলায় পানি জমিয়ে রাখা উচিত নয়। পাশাপাশি টয়লেটের দরজা বন্ধ রাখার বিষয়েও সতর্ক থাকতে হবে। অসাবধানতার সামান্য ভুলও একটি পরিবারের জন্য সারা জীবনের বেদনা হয়ে উঠতে পারে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক অভিভাবককে সব সময় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।

একই দিনে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

2