শিবচরে বিএনপির কর্মী সমাবেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার


admin প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৮:৩৯ PM / ৩৪১
শিবচরে বিএনপির কর্মী সমাবেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উমেদপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চান্দেরচর বাজার মাঠে এ কর্মী সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহাদাত হোসেন খান। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দীন মৃধা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও নবনির্বাচিত সদস্য কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখাই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। জনগণ এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। বিএনপি ক্ষমতায় এলে যারা বছরের পর বছর নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথি শাজাহান (সাজু) মোল্লা বলেন, ২০০১ সালের পর থেকে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে সম্পন্ন হয় — এ বাস্তবতা বদলাতে হবে। রাজপথের দীর্ঘ আন্দোলনই প্রমাণ করেছে, জনগণবিহীন কোনো দলের ভবিষ্যৎ নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র বনানী থানার যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নূর, শিবচর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি’র নবনির্বাচিত সদস্য সচিব আজমল হোসেন সেলিম খান, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মাহবুব মাদবর, মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদ হোসেন, উপজেলা বিএনপি নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশ শেষে দলের নেতারা একাত্মতা ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে আগামী দিনের আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।