
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের শিবচরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাদবরের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে পাঁচ্চর গোলচত্বরে অনুষ্ঠিত সভায় নেতা–কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য ও স্থানীয় রাজনীতির পরিচিত মুখ কামাল জামান মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাহাদাত হোসেন খান,উপজেলা বিএনপির সদস্য মাহবুব রহমান মাদবর,বিএনপি নেতা শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “শিবচরের মানুষকে ভালোবাসার কারণেই তারেক রহমান আমাকে মাদারীপুর–১ আসনে মনোনয়ন দিয়েছিলেন। কিছু দুষ্কৃতিকারীর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনোনয়ন সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—মনোনয়ন আমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, “আপনারা মানুষের বাড়ি–বাড়ি গিয়ে আমার জন্য দোয়া ও সমর্থন চাইবেন। শিবচরের মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। মনোনয়ন পেলে এই আসন বিএনপিকে উপহার দিয়ে জনগণের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করবো।
বিশেষ অতিথির বক্তব্যে মো. সাহাদাত হোসেন খান বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়—এটি জনগণের মুক্তি, বিচারহীনতার অবসান ও রাষ্ট্র পুনর্গঠনের নীলনকশা। শিবচরের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
সভাপতির বক্তব্যে শাহজাহান সাজু মোল্লা বলেন, বিএনপি এই অঞ্চলে সবচেয়ে সংগঠিত শক্তি। জনগণ আমাদের পাশে আছে বলেই আজকের সভায় এত উৎসাহ ও অংশগ্রহণ। আমরা মাঠে আছি, থাকবো—জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক কদমও পিছিয়ে যাব না।
সভা শেষে ৩১ দফার মূল দিকনির্দেশনা, রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং আগামী দিনের আন্দোলন–সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা এবং ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার স্পষ্টভাবে ফুটে ওঠে।
আপনার মতামত লিখুন :