
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ পাওয়া ঢেউটিন ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
এ সময় শিবচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাত্রায় সহায়তা করতে হুইল চেয়ারসহ প্রয়োজনীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে অসহায় পরিবারগুলোর আবাসন ও দুর্যোগকালীন সংকট মোকাবিলায় ঢেউটিনের মতো সহায়তা তাদের জন্য উপকার বয়ে আনবে। মানবিক এ কার্যক্রমের মাধ্যমে সরকারের সহায়তা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :