শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিপুল পরিমান ভেজাল শিশুখাদ্য জব্দসহ ২ জনের কারাদণ্ড


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১১:২৬ AM /
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিপুল পরিমান ভেজাল শিশুখাদ্য জব্দসহ ২ জনের কারাদণ্ড

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি অস্থায়ী কারখানায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

জানা গেছে, উপজেলার বাঁশকান্দি এলাকায় একটি চক্র স্বনামধন্য বিভিন্ন কোম্পানির পণ্যের আদলে নকল চিপস, কোমল পানীয়, জুস, আইসক্রিমসহ শিশুদের আকর্ষণীয় খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করছিল। এসব পণ্যের কোনোটিরই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন ছিল না। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য, নকল পণ্য ও কাঁচামাল জব্দ করা হয়। পাশাপাশি নকল সিগারেট উদ্ধার করে তা ধ্বংস করা হয়। ঘটনাস্থল থেকে ভেজাল পণ্যসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বাঁশকান্দি গ্রামের কালাম বেপারীর ছেলে রমজান বেপারী (২০) এবং দ্বিতীয়খণ্ড এলাকার চুন্নু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আদালত রমজান বেপারীকে এক মাস এবং রাসেল মোল্লাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের শিবচর থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। জব্দকৃত ভেজাল খাদ্যসামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।