
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরে শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক এলাকার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত খলিফা উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে ওই এলাকার দ্বিতীয়াখণ্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন। পথে কুতুবপুর ইউনিয়নের সীমানায় এলাকায় পৌঁছালে তাকে বহনকারী ভ্যানটিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :