

আবুল হাসানাত(আকাশ), শিবচর প্রতিনিধি:
পবিত্র কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে শত শত হাফেজকে পেছনে ফেলে রৌপ্য পদক ও সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে মারকাজুন নূর ক্যাডেট মাদরাসার তিন কৃতি শিক্ষার্থী। আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত মাদারীপুর উন্মুক্ত অডিশন-২০২৬-এ তাদের এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
গত (৫ অক্টোবর) সোমবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পবিত্র কুরআনের ৫ পারা, ১০ পারা এবং হুসনে সাওত বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় মারকাজুন নূর ক্যাডেট মাদরাসার তিন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে রূপ্য পদক অর্জন করেন। পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মোঃ নাঈম মোল্লা,হাফেজ আজমাইন হোসেন,হাফেজ আবু সালেহ।
তাদের এ অর্জনকে মাদরাসার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কুরআন শিক্ষার পাশাপাশি নিয়মিত অনুশীলন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতাই শিক্ষার্থীদের এ সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।
মারকাজুন নূর ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী বেলাল মাদানী বলেন,শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করা নয়, পবিত্র কুরআনের শিক্ষা, শুদ্ধ তিলাওয়াত, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য আমাদের সেই প্রচেষ্টাকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আমরা চাই, শিক্ষার্থীরা জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখুক।
তিন শিক্ষার্থীর রূপ্য পদক অর্জনে মাদরাসার পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ কুরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতার মাধ্যমে কুরআন শিক্ষায় আগ্রহী শিশু-কিশোরদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
মারকাজুন নূর ক্যাডেট মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা আশা করছেন, এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ তৈরি করবে। কুরআনের আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
মারকাজুন নূর ক্যাডেট মাদরাসার জন্য এ অর্জন শুধু একটি পদক নয়; এটি শিক্ষার্থীদের কুরআনের প্রতি ভালোবাসা, শিক্ষকদের শ্রম এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত সাফল্যের প্রতিচ্ছবি।
আপনার মতামত লিখুন :