আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার, শিবচরে পুড়ল ঘরসহ ৩ ছাগল


admin প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১:২৯ PM / ০
আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার, শিবচরে পুড়ল ঘরসহ ৩ ছাগল

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা তিনটি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সালাম মজুমদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সালাম মজুমদারের বাড়ির পাশের এক প্রতিবেশী ছাগলের চিৎকার শুনতে পান। পরে ঘর থেকে বের হয়ে তিনি সালাম মজুমদারের বাড়িতে আগুন জ্বলতে দেখেন। এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনের ভয়াবহতায় বসতঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সালাম মজুমদার বলেন, “আমার ঘরে থাকা দুটি ফ্রিজ, তিনটি ছাগল, নগদ ১০ হাজার টাকা, কাঠসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে। আমার আর কিছুই নেই। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাচ্চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশকার উদ্দিন আহমাদ শাহিন ঢালি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি সালাম মজুমদার ও তার পরিবারকে ঘুরে দাঁড়াতে সর্বোচ্চ সহযোগিতা করার কথা জানান।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সালাম মজুমদার ও তার পরিবারের সদস্যরা। এক রাতের আগুনে পুড়ে গেছে তাদের প্রয়োজনীয় সামগ্রী, সঞ্চয় ও গৃহপালিত পশু। এখন সর্বস্ব হারানো পরিবারটির সামনে নতুন করে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ।

ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দিনে পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

2