গণতন্ত্র পুনরুদ্ধারে শিবচরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি


admin প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ১১:০৯ AM / ৪৭৮
গণতন্ত্র পুনরুদ্ধারে শিবচরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে প্রচারের অংশ হিসেবে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কাদিরপুর, কুতুবপুর ও দ্বিতীয় খণ্ড ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ–সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মাদারীপুর–১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মো. রোকন উদ্দিন মিয়া। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। তারা পথচারী, দোকানদার, শ্রমজীবী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেটে তুলে ধরা হয় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো—গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা, স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষা। নেতাকর্মীরা জনগণের কাছে তুলে ধরেন, বিএনপি ক্ষমতায় এলে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মূল লক্ষ্য হচ্ছে—একটি গণতান্ত্রিক, ন্যায়সংগত ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করা। এতে কৃষক, শ্রমিক, নারী, শিশু, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার অঙ্গীকারও রয়েছে।

লিফলেট বিতরণ শেষে মো. রোকন উদ্দিন মিয়া বলেন,তারেক রহমান অনেক আগেই জাতির প্রেক্ষাপটে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পূর্ণ রূপরেখা দেওয়া আছে। আমরা চাই জনগণ জানুক—বিএনপি ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র গড়তে চায়।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. বোরহান উদ্দিন খান, পৌর জিয়া পরিষদের সভাপতি লিটন গোমস্তা, জেলা জিয়া পরিষদের সহ–সভাপতি সুজন বেপারি,সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

2