অল্প খরচে অধিক লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছেন শিবচরের কৃষকরা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১২:৫১ AM /
অল্প খরচে অধিক লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছেন শিবচরের কৃষকরা

আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:

কৃষিনির্ভর মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দিন দিন বাড়ছে ভুট্টা চাষের জনপ্রিয়তা। কম খরচে অধিক লাভের আশায় স্থানীয় কৃষকরা ঐতিহ্যবাহী রবি শস্যের পরিবর্তে এখন ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন।

আগে যেখানে মসুর, কলাই, কালাই, গম, ধনিয়া, কালোজিরা কিংবা ধান চাষ বেশি হতো, বর্তমানে সেই জমির বড় একটি অংশ দখল করে নিচ্ছে ভুট্টা। কৃষকদের মতে, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম, পরিচর্যার ঝামেলা কম এবং বাজারে এর চাহিদা ও দাম তুলনামূলক ভালো।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান খান জানান, অতীতে এ অঞ্চলে ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ তেমন ছিল না। কিন্তু অন্যান্য ফসলে উৎপাদন ব্যয় বেশি হওয়া, আবহাওয়ার প্রতিকূলতার কারণে ক্ষতির আশঙ্কা এবং অনিশ্চিত লাভের কারণে কৃষকরা ধীরে ধীরে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন,ভুট্টা চাষে ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তুলনামূলক কম পড়ে। ফলে ক্ষতির সম্ভাবনাও কম। এ বছর শিবচরে প্রায় ১,৪০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

কাদিরপুর এলাকার কৃষক আলীম বেপারী জানান,আগে আমাদের জমিতে ধানসহ বিভিন্ন ফসল চাষ করতাম। এখন সেই জমির বড় অংশেই ভুট্টা চাষ করছি। এতে সেচ ও সার খরচ কম লাগে, আর ফলনও ভালো হয়—ফলে লাভও বেশি।

একাধিক কৃষক একই মত প্রকাশ করে বলেন,ধান চাষে খরচ বেশি কিন্তু লাভ কম। অন্যদিকে ভুট্টা চাষে কম খরচে ভালো উৎপাদন পাওয়া যায়, তাই আমরা এখন ভুট্টার দিকেই বেশি ঝুঁকছি।

তবে কৃষকদের দাবি, ভুট্টা চাষ আরও সম্প্রসারণ করতে হলে সরকারি সহায়তা, উন্নতমানের বীজ সরবরাহ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। তাদের মতে, এসব সুবিধা নিশ্চিত করা গেলে শিবচরে ভুট্টা চাষের পরিধি আরও বাড়বে এবং কৃষকদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে।