
অতিরিক্ত সিম ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত সিম সংখ্যা কমানোর অংশ হিসেবে এই জরুরি বার্তা জারি করেছে সংস্থাটি।
রবিবার (২৬ অক্টোবর) বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম কার্ড রেখে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করতে হবে।
গ্রাহকরা নিজেদের এনআইডি’র বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে, তা যাচাই করতে *১৬০০১# ডায়াল করে এনআইডি’র শেষ ৪টি ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।
বিটিআরসি কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, যদি কোনো গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তবে কমিশন দৈবচয়নের ভিত্তিতে সেই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
এদিকে, রবিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ডের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। তিনি বলেন, বর্তমানে এই সংখ্যা সর্বোচ্চ ১০টি হলেও তা কমিয়ে সর্বোচ্চ সাতটি করা হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এ জন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে।
আপনার মতামত লিখুন :