
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আড়িয়াল খাঁ সেতুর উপর ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাসে থাকা অনেক যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়।
এদিকে দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়ক থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। রেকারের সাহায্যে দুটি যানই সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :