মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৫


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:০৬ PM / ২০৫
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৫

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয় এবং দোকানপাটে ভাঙচুর চালানো হয়। এ সংঘর্ষে প্রায় ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় বিরতিহীনভাবে এ সংঘর্ষ চলে।

জানা গেছে, মোস্তফাপুর এলাকার ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহত অন্তত পাঁচজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।