শিবচরে স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


admin প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৮:৩৪ PM / ১৩৮
শিবচরে স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দায়িত্ব গ্রহণের পর ডা. ফাতিমা মাহজাবীনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানে দৃশ্যমান উন্নতি এসেছে। দালালচক্র দমন, রোগীদের হয়রানি কমানো এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সন্তুষ্টি সৃষ্টি হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, এমন একজন সৎ ও দক্ষ কর্মকর্তাকে হঠাৎ করে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করার সিদ্ধান্ত শিবচরের জনগণের জন্য হতাশাজনক ও উদ্বেগজনক। এতে উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে আরও বলা হয়, ডা. সুজন সাহার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে দেওয়া হবে না বলে আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা দেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, এমন একজন বিতর্কিত ব্যক্তির আগমনে হাসপাতালের পরিবেশ ও সেবার মান আবারও প্রশ্নবিদ্ধ হতে পারে।

কর্মসূচি থেকে প্রশাসন ও জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অবিলম্বে ডা. ফাতিমা মাহজাবীনের বদলির আদেশ প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর ও জোরালো আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ইসলামী আন্দোলনের নেতা শাহিন শিকদার ও পান্নু খলিফা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মহিউদ্দিন, আবু বকর, রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।