মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও মেলার উদ্বোধন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৯:২১ AM / ০
মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও মেলার উদ্বোধন
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মাদারীপুর পৌর শহরে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
দিনের শুরুতে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, উপপরিচালক ডা. তরুণ কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শচীন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের খামারি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

এদিকে, দুপুরে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত গেট উদ্বোধন করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর তিনি প্রাণিসম্পদ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
এ সময় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ ও প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ তৈরি করতে হবে। এতে খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

2