শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ–৫ কৃতিদের সংবর্ধনা


admin প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৮:২৫ PM / ৫১০
শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ–৫ কৃতিদের সংবর্ধনা

মাদারীপুরের শিবচরে এসএসসি ও এইচএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী ১৮২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শিবচর ক্যারিয়ার ক্লাব। এর মধ্যে এসএসসিতে ১৬৯ জন এবং এইচএসসিতে ১৩ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করে। শিবচরের ২৩টি স্কুল এবং ৩টি কলেজের এসব শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য এই সংবর্ধনা ও ক্যারিয়ার নির্দেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃ দায়িত্বপ্রাপ্ত), শিবচর।
সভাপতিত্ব করেন মাসুদ-উর-রহমান, সিনিয়র সহকারী সচিব, খাদ্য মন্ত্রণালয় ও শিবচর ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা।

ইউএনও এইচ. এম. ইবনে মিজান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। শুধু ভালো ফল করলেই হবে না—দেশ ও মানুষের প্রতি দায়িত্বশীলতা থাকলেই প্রকৃত অর্থে মেধার মূল্য পাওয়া যায়। তোমরা দেশপ্রেমিক, মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠো—এই প্রত্যাশা।

সভাপতি মাসুদ-উর-রহমান বলেন,
এসএসসি ও এইচএসসিতে ভালো ফল ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের প্রতিটি পর্যায়ে শিবচর ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের পাশে থাকবে।

অনুষ্ঠানে অতিথিরা উচ্চশিক্ষা নির্বাচন, বিদেশে পড়াশোনার প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, যুগোপযোগী দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি জ্ঞান ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে কীভাবে নিজেদের গড়ে তুলতে হবে সে বিষয়েও শিক্ষার্থীদের কার্যকর পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ২৩টি স্কুল ও ৩টি কলেজের জিপিএ–৫ প্রাপ্ত মোট ১৮২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষার্থীরা এমন আয়োজন তাদের উৎসাহিত করেছে বলে অনুভূতি ব্যক্ত করেন।

শিবচর ক্যারিয়ার ক্লাবের এই উদ্যোগকে এলাকায় মেধা বিকাশ, শিক্ষার্থীদের প্রেরণা এবং সুপরিকল্পিত ভবিষ্যৎ গঠনের একটি মূল্যবান পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

2