শিবচরের হাজিপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১১:০৪ PM / ১৪৯
শিবচরের হাজিপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ শিবচর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সারোয়ার হোসাইন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমীর জনাব বেলায়েত হোসেন।

উঠান বৈঠকটি সঞ্চালনা করেন সৈয়দ জিয়া এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. সৈয়দ এ. এম. আনোয়ারুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সারোয়ার হোসাইন মৃধা বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সুশাসন কায়েম করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” তিনি বলেন, শিবচরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। নির্বাচিত হলে তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

তিনি আরও বলেন, রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রয়োগের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

সভাপতির বক্তব্যে ডা. সৈয়দ এ. এম. আনোয়ারুল আবেদীন বলেন, উঠান বৈঠক হচ্ছে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি কার্যকর ও ফলপ্রসূ মাধ্যম। এতে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরতে পারেন এবং সেগুলো চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা সহজ হয়।

বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সংকট, পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাব, রাস্তাঘাটের বেহাল অবস্থা, মাদকাসক্তির বিস্তার এবং তরুণদের মধ্যে বেকারত্ব অন্যতম। নেতৃবৃন্দ এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী ভোটার, তরুণ সমাজ এবং সাধারণ জনগণসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।