
মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত নির্বাচনী উঠান বৈঠক।
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কাদিরপুর ইউনিয়নের একটি এলাকায় আয়োজিত এই সভা স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি ওলিউল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আকরাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ।
বক্তারা বলেন, রাজনীতিতে যেখানে আপোষ আর স্বার্থের হিসাবই মুখ্য হয়ে উঠেছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাঁড়িয়ে আছে নীতি ও আদর্শের শক্ত ভিত্তির ওপর। ক্ষমতার মোহে পড়ে দলটি কখনোই আদর্শ বিসর্জন দেয়নি—এটাই তাদের রাজনীতির মূল সৌন্দর্য ও শক্তি।
হাফেজ জাফর আহমেদ বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না; করি আদর্শের জন্য। চাইলে অনেক আগেই আপোষ করে সুবিধা নেওয়া যেত, কিন্তু ইসলামী আন্দোলন কখনো সেই পথে হাঁটেনি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামই আমাদের একমাত্র লক্ষ্য।
তিনি আরও বলেন, “ইসলাম কেবল মসজিদে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়; এটি রাষ্ট্র ও সমাজ পরিচালনার পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করাও আমাদের দ্বীনি দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আকরাম হোসেন বলেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার ভয়াবহ অবক্ষয় ঘটেছে। রাজনীতি, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য—সবখানেই দুর্নীতি ও অন্যায় যেন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, “সংসদে যদি দ্বীনদার ও ন্যায়পরায়ণ মানুষ যায়—সে আমি হই বা আমার চেয়ে আরও যোগ্য কেউ—তাহলে চুরি, ডাকাতি, ছিনতাই, দখলবাজি ও দুর্নীতি অনেকাংশে কমে যাবে। কারণ আল্লাহভীরু মানুষ ক্ষমতাকে আমানত হিসেবে দেখে, ভোগের উপকরণ হিসেবে নয়।
মাওলানা আকরাম হোসেন হযরত ওমর (রা.)-এর শাসনামলের একটি ঘটনা তুলে ধরে বলেন, “ওমর (রা.) বলেছিলেন—ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও অনাহারে মারা যায়, তবে তার জবাবদিহিতা তাকেই করতে হবে। এই জবাবদিহিতার চেতনাই ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী নেতৃত্ব মানে হলো জনগণের প্রতি দায়বদ্ধতা, দুর্বলদের প্রতি সহানুভূতি এবং আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়।
তিনি আরও বলেন,আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মানুষ ন্যায়বিচার পাবে, কেউ জুলুমের শিকার হবে না, ঘুষ ছাড়া কাজ হবে, গরিবের হক গরিব পাবে, আর ক্ষমতাবানরা জবাবদিহির ঊর্ধ্বে থাকবে না। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করছে।
তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে সমাজের পরিবর্তন চান, সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ চান, তবে আল্লাহভীরু নেতৃত্বকে সমর্থন দিন। ভোটের মাধ্যমে ন্যায়, সততা ও আদর্শকে বিজয়ী করুন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাওলানা বজলু আরিফিন, কাদিরপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুফতি মুফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর মুফতি মুজ্জামিল হুসাইনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উঠান বৈঠক শেষে অংশগ্রহণকারীরা আদর্শভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :