
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা আকরাম হোসাইন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিবচর উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, সদস্য মাওলানা আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ও কৃষিবিদ মো. শাহিন শিকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা আকরাম হোসাইনের জন্য দোয়া করেন এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা আকরাম হোসাইন বলেন,
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগ পেলে শিবচরকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর রাজনীতির মূল প্রেরণা এবং শিবচরের সর্বস্তরের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চান তিনি।
সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :