শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৬:২৩ PM / ৫১
শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ

মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শিবচর পৌর বাস টার্মিনাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি স্বাধীনতা চত্বর হয়ে সদর রোড প্রদক্ষিণ করে পৌর মার্কেট এলাকায় এসে শেষ হয়। কর্মসূচির শেষ পর্যায়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্য অনুষ্ঠিত হয়।

জনসংযোগ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শিবচর পৌর এলাকার বিভিন্ন দোকানি, ভ্যানচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন নেতারা।

সমাপনী বক্তব্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আকরাম হোসাইন বলেন, “ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয়ী হবো। জোট থেকে বেরিয়ে আসার পর জনগণের মাঝে ইসলামী আন্দোলনের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। প্রতিদিনই সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা আমাদের আশাবাদী করে তুলছে।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার।

তিনি বলেন, “আমি খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে দীর্ঘদিন এলাকায় কাজ করেছি। কিন্তু মনোনয়ন সংক্রান্ত কিছু অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে আমি মানসিকভাবে ব্যথিত হই। সে কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান ঢালি, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, ৭১ রোড ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আল-আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি কাজী জুবায়ের আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, শিবচরের সাধারণ মানুষ ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে এবং আগামীর সংসদ নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীক জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।