
মাদারীপুরের শিবচর উপজেলায় সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির ঘটনায় লুট হওয়া তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতিতে ব্যবহৃত ভুয়া নাম্বারপ্লেট, খেলনা পিস্তল, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফসহ বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে শিবচর থানাধীন যাদুয়ারচর এলাকায় ১০–১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে ডাকাতি সংঘটিত করে। তারা তল্লাশির নামে চালককে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং পরে তাকে জিম্মি করে রাখে।
ডাকাতির শিকার চালক লেমান (শেখপুর এলাকার বাসিন্দা) ঢাকায় গাড়ি মেরামত শেষে নিজ বাড়ির পথে ফিরছিলেন। যাদুয়ারচর এলাকায় পৌঁছালে ডাকাতরা একটি গাড়ি দিয়ে তার পথরোধ করে। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তার চোখ ও হাত বেঁধে ডাকাতদের গাড়িতে তুলে মারধর করে পাঁচ্চর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর মাদারীপুর জেলা পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনায় এবং শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনা করে পুলিশ কুমিল্লা, সাভার ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে চারজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন —
আল আমিন (৩৬) — সুন্দরগঞ্জ, গাইবান্ধা; বর্তমানে সাভার, ঢাকা, পারভেজ হোসেন ওরফে শিক্কর (৩০) — হেমায়েতপুর, সাভার, ঢাকা
জাকির ইসলাম (২৩) — ডোমার, নীলফামারী; বর্তমানে সাভার, ঢাকা, মো. সবুজ হোসেন (৩৪) — যশোর; বর্তমানে সাভার, ঢাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :