
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) রাত ১১টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
অভিযানকালে উপজেলার উত্তর তাজপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় ফয়সাল হাওলাদার ফাইজ (১৮), পিতা- মো. হাবিব হাওলাদার; রবিউল হাসান (২৩), পিতা- মো. রতন খান এবং অপু খান (২০), পিতা- মোবারক খানকে আটক করা হয়।
মোবাইল কোর্টে তিনজনই স্বীকার করেন যে, ফয়সাল হাওলাদার ফাইজের প্ররোচনায় রবিউল হাসান ও অপু খান মাদক সেবন করেছেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ফয়সাল হাওলাদার ফাইজকে ৫ (পাঁচ) মাসের এবং রবিউল হাসান ও অপু খানকে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :