শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ টাকা লুট


admin প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৫:৪৫ PM / ২৭৮
শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ টাকা লুট

মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাদের কাছে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে ডাকাতদল।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের পাঁচ্চর এলাকার গরু ব্যবসায়ী রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ান (৬৭) গরু কেনার উদ্দেশ্যে পিকআপভ্যানে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্দরখোলা চৌরাস্তার কাছে পৌঁছালে হঠাৎ করে একটি প্রাইভেটকার দ্রুত এসে তাদের গতি রোধ করে।

গাড়িটি বিকল হয়েছে ভেবে ব্যবসায়ীরা থামতেই প্রাইভেটকার থেকে চারজন ডাকাত বের হয়ে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগে তারা দুজন ব্যবসায়ীর ওপর এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে গুরুতর আহত হন রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ান।

পরে তাদের সঙ্গে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতদল দ্রুত গাড়ি ঘুরিয়ে এক্সপ্রেসওয়ের দিকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দুই ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকেরা জানান, তাদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

আহত রাজন মোল্লা জানান, ভোরে পিকআপভ্যানে গরু কিনতে বের হয়েছিলাম। বন্দরখোলা চৌরাস্তার কাছে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারটিকে নষ্ট মনে হয়েছিল। কাছে যেতেই চারজন লোক আমাদের ওপর হামলা চালায়। কুপিয়ে রক্তাক্ত করার পর আমাদের চার লাখ টাকা নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্তে পুলিশ কাজ করছে।

দিনের আলো ফোটার আগেই ব্যস্ত সংযোগ সড়কে এমন ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ—সংযোগ সড়কের বেশ কয়েকটি স্থানে রাতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় অপরাধীরা সুযোগ পাচ্ছে।