
আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচির মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা- ভাঙা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, যানবাহনে হামলা ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে দুর্বৃত্তরা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে গাছ ফেলে, টায়ারে আগুন ধরিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি যাত্রীবাহী বাসে হামলার ঘটনাও ঘটে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে। তবে দুর্বৃত্তরা দ্রুত তাদের কার্যক্রম শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান তার কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারা আগুন নিভিয়ে ও গাছ সরিয়ে এক্সপ্রেসওয়ে পরিষ্কার করেন। অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
সাহাদাত হোসেন খান বলেন,
সড়ক অবরোধ ও অরাজকতা কোনোভাবেই গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয়। জনগণের দুর্ভোগ দূর করতে আমরা তৎক্ষণাৎ সড়ক পরিষ্কার করেছি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি গোলাম রসুল) বলেন,
সকালে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিল। পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে তারা একটি ট্রাকে আগুন দেয়।
তিনি আরও জানান, আটকেপড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হয়েছে।
বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে কোনো অঘটন এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপির দ্রুত উদ্যোগ ও প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং ভাঙা এক্সপ্রেসওয়ে এখন শান্ত পরিবেশে ফিরে এসেছে।
আপনার মতামত লিখুন :