বাসচাপায় ইজিবাইকের যাত্রীসহ নিহত ৫


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ১০:৪১ PM / ৯৩
বাসচাপায় ইজিবাইকের যাত্রীসহ নিহত ৫

মাদারীপুরে সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় চার ইজিবাইকের যাত্রীসহ বাসের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরোও বেশ কয়েকজন।

আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। একইসঙ্গে আহত হয়েছেন অনেকেই। প্রায় ১৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

মাদারীপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, এ পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা একাধিক হলেও এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।