
আবুল হাসানাত (আকাশ), শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার শুরা অধিবেশন-২০২৬ ও কমিটি নবায়ন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে এ শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা এসএম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-১ তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।
অধিবেশনে বক্তারা সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা, দায়িত্বশীলদের ভূমিকা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরে শুরা সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক মো. ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মাহফুজুর রহমান ঢালী এবং সহ-সভাপতি হিসেবে মাওলানা দেলোয়ার হোসাইন নির্বাচিত হন।
নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা নবনির্বাচিতদের অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং শিবচর উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ওলামায়ে কেরাম, শুরা সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশন শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের আগামী দিনের কার্যক্রম সফল ও গতিশীল করার জন্য সবার সহযোগিতা ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :